
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিক সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল যেন মিলন মেলায় রূপ নেয়। একসঙ্গে বসে ইফতার করেন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সম্ভাব্য মেয়র প্রার্থীরা। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
সোমবার আখাউড়া প্রেস ক্লাব, আখাউড়া রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গ্র্যান্ড সুলতান চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়ার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া। সঞ্চালনায় ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ জলিল।
এ আয়োজনে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম, রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক তানভীরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুৎফুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। উপস্থিত হতে না পারা একাধিক সরকারি কর্মকর্তা প্রতিনিধি পাঠান।
এতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া হেফাজত ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত হন।
জেলা বিএপি’র সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী আবুল মুনসুর মিশন তার বক্তব্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আখাউড়াকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী খন্দকার মো. বিল্লাল হোসেন সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা বিএনপি সভাপতি ও মেয়র প্রার্থী মো. জয়নাল আবেদীন আব্দু তাঁর বক্তব্যে এভাবে সবাই একসাথে চলার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি ও মেয়র প্রার্থী বোরহান উদ্দিন রমজানের উসিলায় সকলের সমৃদ্ধি কামনা করেন। স্বাগড বক্তব্যে প্রবাসী বিএনপি নেতা ও মেয়র প্রার্থী মো. সালাউদ্দিন সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মেয়র প্রার্থীদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মো. হাসিব হুমায়ুন, মো. নাহিদুল ইসলাম, আক্তার হোসেন সাজু। তারাও এত সুন্দর আয়োজনের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্বাধীনভাবে সংবাদ পরিবেশনে সকলের সহযোগিতা কামনা করেন।