
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরের এ অভিযানের সময় একাধিক বিক্রেতা দোকান বন্ধ করে পালিয়ে যান। এ সময় একটি হোটেলকেও জরিমানা করা হয়।
সোমবার আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য সহনীয় রাখতে এ অভিযান চালানো হয় বলে অভিযান সূত্র জানিয়েছে।
অভিযান সূত্র জানায়, পৌরশহরের বাইপাস মোড়ে অবৈধভাবে বেশি দামে অকটেন বিক্রির দায়ে মেসার্স নাজিম এন্টারপ্রাইজের মালিক মো. মোতালিবকে পাঁচ হাজার টাকা ও একই অপরাধে দেবগ্রাম এলাকার শেখ এন্টারপ্রাইজের মালিক শেখ মোহাম্মদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে ‘মা-বাবার দোয়া হোটেল ও রেস্তোরাঁ’-এর মালিক মো. বিল্লালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।