
এম, মাহবুব নান্নু
যশোর জেলা প্রতিনিধি
তাং- ০১/০৮/২০২৬ ইং
যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মেয়ের হাতের নোড়ার আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহতের নাম সাহানা বেগম (৬১)। এই ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে (২০) থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট নামক এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত সাহানা বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনার দিন শনিবার দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় মা ও মেয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাগের মাথায় শিরিনা খাতুন একটি (মসলা পেষণী) নোড়া দিয়ে সজোরে মায়ের মাথা ও মুখের উপর আঘাত করে। এতে করে সাহানা বেগম মারাত্মক ভাবে আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
তাদের চিৎকার চেঁচামেচিতে বাড়ির মালিকের স্ত্রী ডলি খাতুনসহ কয়েক জন তাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
সব কিছু গুছিয়ে অ্যাম্বুলেন্সে তোলার আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন সাহানা বেগম।
এব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, মাথা ও মুখে গুরুতর জখম নিয়ে এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে রেফার করা হলেও নিয়ে যাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত মেয়েটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে নিহতের মরদেহ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। মরদেহটি ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আইনগত প্রক্রিয়া শেষে ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।