
সিনিয়র প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার
পাকিস্তানের ইসলামাবাদে COMSTECH আয়োজিত Inter-Islamic Forum for the Advancement of Education, Scientific Research and Innovation-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন দেশটির মানবাধিকারবিষয়ক ফেডারেল মন্ত্রী সিনেটর আজম নাজির তারার।
ফোরামে ওআইসি (OIC)-এর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক এবং ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশ নেন। উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং মুসলিম বিশ্বের মধ্যে জ্ঞান বিনিময় ও সহযোগিতা জোরদার করাই ছিল এই ফোরামের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কমস্টেকের কো-অর্ডিনেটর জেনারেল অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল চৌধুরী পাকিস্তানকে সফলভাবে ৯ম ওআইসি নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজন এবং আগামী দুই বছরের জন্য ওআইসির চেয়ারম্যানশিপ গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি ইলমুন নাফি (উপকারী জ্ঞান)-এর গুরুত্ব তুলে ধরে ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা, গবেষণা, উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধিতে কমস্টেকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বক্তব্যে সিনেটর আজম নাজির তারার বলেন, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং অভিন্ন সমৃদ্ধির অন্যতম ভিত্তি। তিনি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার ব্যাপারে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন