
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
ঢাকা, বৃহস্পতিবার (৭ মে ২০২৬): জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে সাংবাদিকদের দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা সাংবাদিকদের অধিকার ও প্রাপ্য “কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে” বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।বক্তারা বলেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য অধিকার দীর্ঘ ৫৫ বছরেও নিশ্চিত হয়নি। বরং বিভিন্ন সময়ে সাংবাদিকদের বঞ্চিত করা হয়েছে। তারা অভিযোগ করেন, সাংবাদিকদের জীবনমান উন্নয়নে কোনো সরকার কার্যকর উদ্যোগ নেয়নি এবং সাংবাদিকদের সবসময় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়েছে।সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার শুধু কথার ফুলঝুরি ছড়িয়ে সাংবাদিকদের “জাতির বিবেক” বলে অভিহিত করলেও বাস্তবে তাদের অধিকার প্রতিষ্ঠায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এবার সাংবাদিক সমাজ জেগে উঠেছে, তাদের দাবি আর উপেক্ষা করা যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা।তারা বলেন, দেশের বিভিন্ন পেশাজীবীদের মর্যাদা ও রুটিরুজি নিশ্চিত করতে রাষ্ট্রের সক্রিয় ভূমিকা থাকলেও সাংবাদিকদের প্রশ্নে রাষ্ট্র নীরব থেকেছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে তথ্যমন্ত্রীর সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও সুরক্ষা আইন নিয়ে বক্তব্যকে তারা স্বাগত জানাননেতৃবৃন্দ আরও বলেন, সরকারকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা, যুগোপযোগী প্রেস কাউন্সিল গঠন, তথ্য কমিশনের মাধ্যমে মিডিয়া ও সাংবাদিক সংগঠনকে নিবন্ধনের আওতায় আনার দাবি জানান তারাবক্তারা সতর্ক করে বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া গুজব পরিবেশন করে দেশ ও জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সাংবাদিক নিয়োগ নীতিমালা ও পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়নের দাবিও জানান তারা। অতীতে বিভিন্ন আইন করে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে তারা বলেন, নতুন করেও যেন এমন উদ্যোগ নেওয়া না হয়বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধরসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দএছাড়াও সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, নুরুল হুদা বাবুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।সমাবেশ শেষে একটি শোভাযাত্রা রাজধানীর রমনা পার্ক-এ গিয়ে শেষ হয়।