
এম, এম মাহবুবর রহমান নান্নু যশোর জেলা প্রতিনিধি
তাং:- ০৯/০৮/২০২৬ ইং
কুমিল্লা থেকে খুলনার উদ্দেশে আনা গাঁজার একটি বড় চালান আটক করেছে অভয়নগর থানা পুলিশের একটি দল। অভিযানে ১৭ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে তাদের ব্যাবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার যার নাম্বার (ঢাকা মেট্রো গ-২২-৩৫৮৫) আটক করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) ভোরবেলা গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলার বাশুয়াড়ী এলাকায় এ অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামানের নেতৃত্বে বাশুয়াড়ী ক্যাম্প ও অভয়নগর থানা পুলিশের একটি দল যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করে।
উপজেলার বাশুয়াড়ী গ্রামের ধনুর চৌরাস্তা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে টেপ দিয়ে মোড়ানো ১৭টি প্যাকেটে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজন মাদক কারবারিকে আটক করা হয় এবং সেই সাথে তাদের ব্যাবহৃত প্রাইভেট কারটিও জব্দ করে অভয়নগর থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার সদর উপজেলার গোলা বাড়ি এলাকার মৃত ফরিদ আহম্মেদের ছেলে পাভেল ওরফে মিন্টু (৩৩), একই জেলার তিতাস উপজেলার সাহাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মিজান (৩৫) এবং খুলনার দৌলতপুর সেন পাড়া এলাকার সাহেব আলীর ছেলে সুমন (৩৩)।
আটককৃতদের দেওয়া তথ্যমতে জানা গেছে, কুমিল্লা থেকে আনা এই গাঁজার বিশাল চালানটি খুলনাতে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে এসে ছিল তারা।
এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম নূরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের জানান, আটককৃতদের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।